বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: কেরানীগঞ্জে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নয়ন (২৫) ও খাইরুল ইসলামকে (৩৮) মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন- শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) এবং এক অজ্ঞাত পরিচয় যুবক (২৬)। তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসা চলছে।
হাসপাতালে আহতদের নিয়ে আসা পথচারী রাব্বি জানান, মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কেরানীগঞ্জ থেকে ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে নয়ন ও খাইরুল মারা গেছেন। বাকিদের চিকিৎসা চলছে।
নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। অন্য নিহত খাইরুল ইসলাম কেরানীগঞ্জের বাসিন্দা, তার বাবার নাম মো. ইউনুস। আহত বৃদ্ধ শামসুল হকের বাড়ি একই উপজেলার কামার্তা গ্রামে। তিনি মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আর আহত স্বর্ণার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামে, তার বাবার নাম মো. সিবরুল হোসেন।