রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি:: কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com