মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
কুমিল্লা প্রতিনিধি, একুশের কণ্ঠ:: কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণের জন্য সোমবার রাতে সেন্ট মার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৪টার দিকে তাদের বহনকারী একটি বাস দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হন। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত শিক্ষার্থীরা হলেন-যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
দাউদকান্দি হাইওয়ে থানার এএসআই নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বাসটি উদ্ধার ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ।