সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

কলকাতায় মিমের নতুন ছবি ‘থাই কারি’

বিনোদন ডেস্ক::

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কলকাতার সিনেমা সমুদ্রেও আছড়ে পড়েছে তার গ্ল্যামার ও অভিনয়ের ঢেউ। এরইমধ্যে যৌথ প্রযোজনার পাশাপাশি ওপার বাংলার একক প্রযোজনাতেও কলকাতার দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।

সেই ধারাবাহিকতায় এবার মিম আসছেন বিনোদনের ফুল প্যাকেজ নিয়ে। তিনি সর্বশেষ অভিনয় করেছেন কলকাতার ‘থাই কারি’ নামের ছবিতে। সোহমের বিপরীতে এই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। সেখানে আভাস মিললো ধুম ধাড়াক্কা কমার্শিয়াল এক সিনেমার।

ছবিতে দেখা যাবে কমেডি, রোমান্স ও অ্যাকশনের ছড়াছড়ি। যেখানে গল্পটা মূলত তিন বন্ধুকে নিয়ে। কর্মসূত্রে সাম্য, অয়ন এবং নীতিন তিনজনেই থাকেন থাইল্যান্ডে। একজনের রিয়েল এস্টেটের ব্যবসা, অপরজন হোটেলের শেফ এবং তৃতীয়জন আবার অনেক কিছুই করেন।

কাজ-কর্ম, প্রেম, ফ্লার্টিং সবই চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাত্ই এদের জীবনে ঘটে যায় বিপদ। নীতিনের দৌলতে থাইল্যান্ডে মাফিয়াদের কু-কর্মে জড়িয়ে পড়ে তিনজন। এমনই গল্পের ছবি বহুপ্রতিক্ষিত ‘থাই কারি’।

তারকাবহুল এই সিনেমায় সাম্য, অয়ন এবং নীতিন এই তিনটি চরিত্রে অভিনয় করেছেন হিরণ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ। তাদের বিপরীতে রয়েছেন পৌলমী দাস, তৃণা সাহা, বিদ্যা সিনহা সাহা মিম এবং ব়্যাচেল ওয়াইট।

এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, আয়োশী তালুকদার, অভিজিত্ গুহ এবং সায়ন ঘোষের মতো ব্যক্তিত্বরা।

গ্রিনটাচ এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন অঙ্কিত আদিত্য। ‘থাই কারি’ মুক্তি পাবে আগামী মার্চে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com