শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

করোনা টিকা কেন্দ্রে চাপ নেই, কিছুটা আছে বুস্টারে

অনলাইন নিউজ ডেস্কঃ করোনা মহামারিতে দুই বছরের বেশি সময় ধরে টালমাটাল ছিল বিশ্ব পরিস্থিতি। এর বাইরে ছিল না ৫৬ হাজার বর্গমাইলের শস্য-শ্যামল বাংলাদেশ। দুই বছরের তাণ্ডব শেষে এখন করোনা পরিস্থিতি বেশ শান্ত। বিশ্বে কমে এসেছে সংক্রমণ ও মৃত্যু। গত ১৯ দিন ধরে করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ। সংক্রমণও নেমে এসেছে দশের ঘরে।

এই ইতিবাচক পরিস্থিতিতে দেশে করোনার টিকা কেন্দ্রগুলোতে ভিড় অনেকটাই কমে এসেছে। সাধারণ মানুষের তেমন কোনো চাপ নেই। কোনো ধরনের জটিলতা ছাড়ায় টিকা নিচ্ছেন আগতরা।

সরজমিনে দেখা যায়, মুগদা জেনারেল হাসপাতালে নারী-পুরুষ এক লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন।

টিকাকেন্দ্রের প্রবেশ দরজার মুখে দুজন ভলেন্টিয়ার, আর ভিতরে চারজন নার্স টিকা দেওয়ার কাজ করছেন। টিকা নিতে আসা রুবিয়া নামের এক নারী বলেন, ‘কোনো ঝামেলা নেই। এখনই আসলাম, পাশের একটি কাউন্টার থেকে টিকা কার্ড এন্ট্রি করে আনছি। পাঁচ মিনিটের মধ্যে টিকা দেওয়া হয়ে গেছে।’

তবে রুবিয়া কিছুটা বিব্রত নারী-পুরুষ একই লাইনে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে বলে। তিনি বলেন, ‘এখন চাপ অনেক কম তারপরেও লাইনে পাঁচ-দশ জন তো থাকেই। এই লাইনের কয়েকজন পুরুষের মধ্যে একজন নারী দাঁড়িয়ে থাকাটা কেমন একটা বিষয়!’

ফাতিমা, রুনা, রাহুল ও আদনান নামের কয়েকজনের সঙ্গে এ বিষয় নিয়ে কথা হলে তারাও বিব্রত প্রকাশ করেন। তারা বলেন, এখন চাপ কম থাকলেও নারী-পুরুষের আলাদা লাইন করা উচিত।

২০২১ সালে ২৭ জানুয়ারি বাংলাদেশে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়। ওই দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে রুনু কস্তার সঙ্গে আরও চারজন ফন্ট ফাইটার হিসাবে টিকা নেন। তারা হলেন- কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের সদস্য দিদারুল ইসলাম ও সেনা কমকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এছাড়াও প্রথম দিনে আরও ২১ জনকে টিকা দেওয়া হয়।

এরপরের দিন ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে প্রায় ৫০০ জনকে টিকা দেওয়া হয়। যাদের টিকা দেওয়া হয়, তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হয়। এরপর ৮ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়। এর মধ্যে ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের এসআইএসও লাইন ডাইরেক্টর এইচআইএস এন্ড ই-হেলথের পরিচালক অধ্যাপক ডা. শাহদাত হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানান হয়, বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মর্ডানা, সিনোভ্যাক ও জ্যানসেন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। করোনার টিকা নেওয়ার জন্য জাতীয় পরচিয়পত্র দিয়ে নিবন্ধন করেছে ৯ কোটি ৭ লাখ ৭৫ হাজার ২৮৪ জন, পাসপোর্ট দিয়ে ১৫ লাখ ৬৪ হাজার ৮৫৬ জন ও জন্মসনদ দিয়ে আবেদন পড়েছে ৬৯ লাখ ৩৮ হাজার ২৩১ জন। মোট আবেদন পড়েছে ৯ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৩৭১ জন। তবে প্রথম ডোজের টিকা নিয়েছে ১২ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার ৪৮৭ জন।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, নিবন্ধন ও প্রথম ডোজ টিকা নেওয়ার মধ্যে যেই গরমিল এটা গণটিকা দেওয়ার জন্য। কারণ সারাদেশে কয়েক কোটি মানুষকে গণটিকা দেওয়া হয়েছে, যাদের নিবন্ধন এখনো সুরক্ষাতে আপডেট করা হয়নি। আস্তে আস্তে এটার আপডেট করা হচ্ছে। এছাড়া সুরক্ষা অ্যাপসের কিছু সমস্য থাকায় দেরি হচ্ছে বলেও জানান তিনি।

ওই প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গতকাল প্রথম ডোজের টিকা নিয়েছে ছয় হাজার ৯৯৩ জন। এ নিয়ে প্রথম ডোজের মোট টিকা নিয়েছে ১২ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার ৪৮৭ জন। গতকাল দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ৩৯ হাজার ৮২৮ জন। দ্বিতীয় ডোজের মোট টিকা নিয়েছে ১ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ২৬৫ জন। আর গতকাল বুস্টার ডোজের টিকা নিয়েছে ৫৩ হাজার ৯০৮ জনসহ ১ কোটি ২৯ লাখ ২১ হাজার ৭৫ জন। এরমধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজের টিকা পেয়েছে ১ কোটি ৭৩ লাখ ২০ হাজার ৮৯২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে ১ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ২৬৫ জন। তবে এখন পর্যন্ত এই বয়সের কাউকেই বুস্টার ডোজের টিকা দেওয়া হয়নি বলে এই প্রতিবেদনে জানান হয়।

মুগদা জেনারেল হাসপাতালের এক কর্মকর্তা বলেন, এখন টিকা নেওয়ার জন্য তেমন একটা ভিড় হয় না। সকালের দিকে আগে টিকা নিবে বলে একটু ভিড় হচ্ছে। কিন্তু সেটা আধা ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। ‍সারা দিনে আর তেমন চাপ থাকে না।

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, সরকারের নির্দেশানুয়ায়ী সবাইকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বুস্টার ডোজে সবাইকে মর্ডানার টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ডোজ সবাইকে সিনোফার্ম আর বিদেশ যাত্রীদের ক্ষেত্রে মডার্না দেওয়া হচ্ছে। আর ১২ থেকে ১৭ বছরের বয়সীদের ফাইজার দেওয়া হচ্ছে।

পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, প্রথম ডোজ যে যেই টিকা নিয়েছে, দ্বিতীয় ডোজ তিনি সেটাই নিবেন। তবে বুস্টার ডোজ সবাইকে মডার্না দেওয়া হচ্ছে। এছাড়া এখন প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য তেমন কেউ আসছে না। তবে বুস্টার ডোজ নেওয়ার চাপ বেশি। আর মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ক্ষেত্রে বলা হচ্ছে কেউ কোথায় ফাইজারের টিকা পেলে নিয়ে নেওয়ার জন্য।

এ বিষয়ে শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, এখন প্রথম ডোজ টিকা নিতে আসা মানুষের সংখ্যা খুব কম। বুস্টার ডোজের চাপ বেশি। তবে রোজা-ঈদের জন্য টিকা কেন্দ্রে তেমন চাপ ছিল না। ধারণা করা হচ্ছে কয়েক দিনের মধ্যে বুস্টার ডোজ নিতে আসা মানুষের চাপ বাড়তে পারে।

ডা. আয়েশা আক্তার বলেন, প্রথম ও দ্বিতীয় ডোজ যে যেই টিকা নিক, বুস্টার ডোজে সবাইকে মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। বুস্টার ডোজের ক্ষেত্রে এই তিনটির যেকোনো একটি টিকা নিলেই হবে। এতে কোনো ক্ষতি নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও করোনা ইউনিটের প্রধান ডা. জাকির হোসেন খান স্বাক্ষরিত আরেক প্রতিবেদন থেকে জানা যায়, আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও  পিড অ্যান্টিজেন- এই তিন পদ্ধতিতে সরকারি ও বেসরকারিভাবে ৮৭৯টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৭২০টি। আর পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৯৯টি। মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪০ লাখ ১২ হাজার ৮৪৭টি। এর মধ্যে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪ জন, মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন। এছাড়া দেশে টানা ১৮ দিন করোনায় মৃত্যু নেই। ফলে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জনই রয়ে গেছে।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের তিনটি হটলাইন নম্বরে গত ২৪ ঘণ্টায় কল এসছে ৮ হাজার ৮৩৭টি। আর এই করোনা কালে বিভিন্ন বিষয়ে সেবা নিতে ফোন এসেছে ৩ কোটি ৪০ লাখ ৮ হাজার ৫২ জন। আজ রবিবার ওয়ার্ল্ডোমিটারস ওয়েবসাইট থেকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনে।

২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬ হাজার ৪৭৪ জন। আর এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৩৭৬ জনে।

করোনাভাইরাস প্রথমে ধরা পড়ে চীনের উহান প্রদেশে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। আর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে ওই বছরই বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতির ঘোষণা করে সংস্থাটি।

কয়েক মাসের মধ্যে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, এদিন তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের ঘোষণা দেন বাংলাদেশের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। এর মধ্যে একজন নারী ও দুজন পুরুষ ছিলেন। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনা মৃত্যুর খবর পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com