রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

এশিয়ান টিভির উপদেষ্টা মোশাররফ করিম

বিনোদন ডেস্ক:: দেশসেরা নাট্য অভিনেতা মোশাররফ করিমের নামের পাশে যোগ হল নতুন আরেকটি পরিচয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এই প্রথম কোনও টিভি চ্যানেলের উপদেষ্টা হলেন বৈচিত্র্যময় অভিনয়ে পর্দা মাতানো এ অভিনেতা।

সম্প্রতি এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে মোশাররফ করিমের হাতে উপদেষ্টার নিয়োগপত্র তুলে দেন এশিয়ান টেভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশীদ সিআইপি। এশিয়ান টেলিভিশনের সার্বিক মানোন্নয়নে অভিনেতা মোশাররফ করিম সবসময় পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মোশাররফ করিমের হাতে নিয়োগপত্র তুলে দেয়ার সময় সেখানে এশিয়ান টেলিভিশনের ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, প্রতিষ্ঠানটির অন্যতম উপদেষ্টা কণ্ঠশিল্পী এসডি রুবেলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেভি চ্যানেলটির উপদেষ্টাদের তালিকায় অভিনেতা জাহিদ হাসানও রয়েছেন।

এদিকে নতুন পাওয়া দায়িত্ব সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘প্রথমবার কোনও টেলিভিশন চ্যানেলের উপদেষ্টা হলাম। অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। চ্যানেলটির মানোন্নয়নে আমার দিক থেকে সাধ্যমতো চেষ্টা করব। প্রতিষ্ঠানটি যে বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন, তার মূল্য দেয়ার চেষ্টা করব।’

মোশররফ করিম বর্তমানে ব্যস্ত ঈদের একাধিক নাটক নিয়ে। এর মধ্যে ‘আস্থা’ নামের একটি নাটকে তিনি প্রতিবন্ধী এক শিশুর বাবার চরিত্রে অভিনয় করছেন। জিয়াউর রহমান জিয়ার রচনা ও পরিচালনায় সে নাটকে অভিনেতার স্ত্রী জুঁই করিমও রয়েছেন। ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com