শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক::

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের দেওয়া ১০ দফা দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বৃহত্তর স্বার্থে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে বুয়েট শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে দাবি বাস্তবায়ন না হলে ফের আন্দোলনে নামার হুঁঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তারা বলেন, মাঠ পর্যায়ে আন্দোলন স্থগিতের ১৩ দিন পার হয়েছে। আবরার হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের ১০ দফা দাবি পূরণে বুয়েট প্রশাসন তৎপর নয়। প্রশাসন তৎপর না হলে আবার আন্দোলনে নামবে শিক্ষার্থীরা।

আন্দোলনের নেতৃত্বে থাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুর রহমান সায়েম বলেন, যতদিন বুয়েটে ত্রাসের রাজনীতি বন্ধ না হচ্ছে কিংবা দাবি মানার বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ না আসছে, ততদিন পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করবে না তারা।

সায়েম বলেন, বুয়েটে প্রশাসনিক কার্যক্রম চললেও যেন আর কোনো আবরার নির্যাতনের শিকার না হয় সেই বৃহত্তর স্বার্থে একাডেমিক কার্যক্রমে অংশ নেবে না শিক্ষার্থীরা।

আন্দোলনের নেতৃত্বে থাকা আরেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের অন্তরা তিথি। তিনি বলেন, ১০ দফা দাবির মধ্যে মাত্র দুই দফা মানা হয়েছে। বাকি আট দফা না মানা পর্যন্ত ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা। এ সময় দাবি মানার বিষয়ে স্থবিরতা কাটিয়ে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিথি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com