বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক::

চলতি বছরের ১২ লাখ এইচএসসি পরীক্ষার্থী আজ বুধবার তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে পারবেন। করোনাভাইরাসের কারণে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ১ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি থেকে জানা গেছে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে। তবে মঙ্গলবার পর্যন্ত কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ৫ বা ৬ অক্টোবরের মধ্যে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিপূর্ণ পরিকল্পনাসহ সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। তবে মন্ত্রণালয় মঙ্গলবার পর্যন্ত তাদের কাজ শেষ করতে পারেনি।

ডা. দীপু মনি জানিয়েছেন, এ পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে। তবে অপশনও থাকবে। যারা যৌক্তিক কোনো কারণে পরীক্ষায় অংশ নিতে পারবে না, বিকল্প উপায়ে তাদের মূল্যায়ন কীভাবে করা যায়- সেটা নিয়েও পরিকল্পনা থাকবে। দ্রুত সময়ে মিনিমাম কতগুলো বিষয়ের পরীক্ষা নেওয়া যায়, সেটা ভাবা হচ্ছে। আর যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয় সেটিও বিবেচনায় রাখা হয়েছে।

পরীক্ষার্থী ছাড়াও অভিভাবক, হল পরিদর্শক, আইনশৃঙ্খলা বাহিনী সব মিলিয়ে ২৫ থেকে ৩০ লাখ লোকের সম্পৃক্ততা রয়েছে এ পরীক্ষায়। যাদের অধিকাংশ গণপরিবহন ব্যবহার করবে। এ বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com