রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ঈদে নিরব-ইমনের বাসায় ২০ তারকার আড্ডা

বিনোদন প্রতিবেদন::

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় সেলিব্রেটিদের অংশগ্রহণে নির্মিত হচ্ছে আড্ডানুষ্ঠান ‘আনন্দ সময়’। এই আয়োজনে উপস্থাপক হিসেবে দেখা মিলবে চিত্রনায়ক নিরব হোসেন ও মামনুন হাসান ইমনের। ১০ পর্বের এই আয়োজনটি উপস্থাপনা করেছেন তারা।

জানা গেছে, ইমন-নিরবের অতিথি হয়ে ‘আনন্দ সময়’ অনুষ্ঠানে থাকছেন ২০ জন তারকা শিল্পী। অনুষ্ঠানটির সময় ৪২ মিনিট। অতিথি হিসেবে এসেছেন অনন্ত জলিল-বর্ষা, মিশা সওদাগর-মাহিয়া মাহি, সাইমন-নিপুণ, অমিত হাসান-কেয়া, সজল-আইরিন, আরফিন রুমি-পরশী, আনিসুর রহমান মিলন-রত্না, রোশান-শেহতাজ, ইভান শাহরিয়ার সোহাগ-আঁচল, শিরিন শিলা-নিঝুম রুবিনা।

নিরব এ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, ‘অনুষ্ঠানটি ঈদে প্রচারের জন্য বানানো হলেও ঈদ নিয়ে আলোচনা করা হয়নি। আমি এবং ইমন দুজনে কোনো অতিথিকে ঈদ নিয়ে কিছু জিজ্ঞেস করিনি। অনেক বড় আয়োজনে, বড় সেট নির্মাণ করে জমজমাট একটি অনুষ্ঠানের পরিকল্পনা ছিলো আমাদের। চেষ্টা করেছি যতো ভালো করা যায়। আমার বিশ্বাস প্রচারে এলে অনুষ্ঠানের প্রতিটি পর্ব ভালো লাগবে দর্শকের।’

ইমন বলেন, ‘নিরব আর আমি একসঙ্গে থাকলে অনেক দুষ্টামি করি, মাস্তি করি। এই অনুষ্ঠানেও সেটা দেখতে পাবেন দর্শক। নাটক, সিনেমা ও সংগীতের অনেক প্রিয়মুখ আমাদের অতিথি হিসেবে হাজির ছিলেন। তাদের সঙ্গে মুখরিত আড্ডা উঠে আসবে ‘আনন্দ সময়’ অনুষ্ঠানে।’

নন্দিতার প্রযোজনায় ‘আনন্দ সময়’ পোশাকের ডিজাইনগুলো পিয়ালের। এটিএন বাংলাতে ঈদের দিন থেকে প্রতিদিন রাতে প্রচার হবে। তবে এসময় এখনো নির্ধারিত হয়নি। এছাড়া অনুষ্ঠানে নিরব-ইমনের সহযোগী হয়ে হাজির হবেন অনুভব মাহবুব। তাকে দেখা যাবে বাসায় সবকিছু দেখাশোনা করেন এমন চরিত্রে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com