রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আবারও জ্বালানি তেলের দাম বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা কমে আসা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে।

বুধবার (১৯ আগস্ট) এশিয়ার প্রাথমিক বাণিজ্যে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২৬ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে উঠেছে।

এর আগে মঙ্গলবারও ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেল ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ দামে লেনদেন শেষ করে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই মূলত দাম বৃদ্ধির পেছনে কাজ করছে।

বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্য বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিটি খোলা রয়েছে বলে দাবি করলেও ইরান জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জলপথটি বন্ধ থাকবে। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই পথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে অচলাবস্থা দীর্ঘায়িত হলে তেলের বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রিমিয়াম আরও বাড়তে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com