মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো পথ নেই: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ শেষ করার একমাত্র পথ হলো ইরানি জনগণের ন্যয়সঙ্গত অধিকারগুলো মেনে নেওয়া। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। খবর তাসনিম নিউজের।

সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গালিবাফ এই মন্তব্য করেন। তিনি মূলত রবিবার যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের পাঠানো ‘১৪-দফা প্রস্তাবের’ প্রতি ইঙ্গিত করে বলেন, এই প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্য যেকোনো পন্থা হবে সম্পূর্ণ নিষ্ফল এবং তা একের পর এক ব্যর্থতা বয়ে আনবে। তারা (যুক্তরাষ্ট্র) যত দেরি করবে, মার্কিন করদাতাদের তত বেশি খেসারত দিতে হবে।

এর আগে এক বিবৃতিতে স্পিকার গালিবাফ জানান, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের আগ্রাসনের ‘দাঁতভাঙ্গা’ জবাব দিতে প্রস্তুত। তিনি বলেন, ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় বিপর্যয়কর ফলাফল নিয়ে আসে। শত্রুদেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আমরা সব ধরনের অপশনের জন্য প্রস্তুত আছি; তারা আমাদের পদক্ষেপে চমকে যাবে।

তাসনিম নিউজের তথ্যমতে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরান ‘কৌশলগত ধৈর্য’ ও ‘সর্বোচ্চ প্রস্তুতি’র নীতি অনুসরণ করছে। ইরানি কর্মকর্তাদের মতে, তেহরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী হলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com