শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ইতিহাস গড়লেন বাবর আলী

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: বাবর আলী প্রথম বাংলাদেশি পর্বতারোহী হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করেছেন।

শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গের চূড়ায় পৌঁছান।

পর্বতারোহণ অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স বিষয়টি নিশ্চিত করেছে।

তাদের ফেসবুক পোস্টে জানানো হয়, প্রায় সাড়ে আট ঘণ্টার অবিরাম আরোহণের পর বাবর আলী সফলভাবে চূড়ায় পৌঁছান এবং সেখানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন।

নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত। পিরামিড আকৃতির এই পর্বতটি ২৭ হাজার ৮৩৮ ফুট উচ্চতার, যা পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ।

ভার্টিক্যাল ড্রিমার্স জানিয়েছে, বেসক্যাম্পে নিরাপদে ফিরে না আসা পর্যন্ত অভিযানের পূর্ণ সফলতা ঘোষণা করা হবে না বলে সতর্ক অবস্থানে রয়েছে দলটি।

বাবর আলী ২০১৪ সাল থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে অভিযান চালিয়ে আসছেন। এর আগে তিনি এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১, মানাসলু এবং আমা দাবলামসহ একাধিক উচ্চ পর্বত জয় করেছেন। ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করেন।

ভার্টিক্যাল ড্রিমার্সের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন বাবর আলী। তার এবারের অভিযানের নাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’। অভিযানে পৃষ্ঠপোষকতা দিয়েছে স্যাম বন্ড, মাই হেলথ এবং চন্দ্রবিন্দু প্রকাশন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com