বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

আসছে গুগলের নতুন পিক্সেল ১১ ফোন

গুগলের নতুন পিক্সেল ১১ ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক:: গুগল নতুন পিক্সেল স্মার্টফোন উন্মোচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির ‘মেড বাই গুগল’ আয়োজন। সেখানেই নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, গুগল ইতোমধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে। তবে নতুন যন্ত্রগুলোর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

বিভিন্ন তথ্য ফাঁসের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এবার পিক্সেল ১১ সিরিজে নকশায় কিছু পরিবর্তন আসবে। নতুন একটি সোনালি রঙের সংস্করণও থাকতে পারে।

খবরে বলা হয়েছে, সাধারণ পিক্সেল ১১ মডেলে পর্দার চারপাশের কালো অংশ আরও সরু হতে পারে। পেছনের ক্যামেরার নকশাতেও পরিবর্তন দেখা যেতে পারে।

অন্যদিকে পিক্সেল ১১ প্রো আগের মডেলের তুলনায় কিছুটা পাতলা হতে পারে। ভাঁজ করা যায় এমন পিক্সেল ১১ প্রো ফোল্ড মডেলে নতুন ক্যামেরা বিন্যাস এবং কম ওজনের নকশা দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

তবে সম্ভাব্য একটি পরিবর্তন ক্রেতাদের জন্য সুখবর নাও হতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন পিক্সেল ফোনে ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার সংস্করণ নাও থাকতে পারে। সেক্ষেত্রে শুরুতেই ২৫৬ গিগাবাইট সংস্করণ বাজারে আসবে। এতে ফোনের দামও কিছুটা বাড়তে পারে।

গত বছর ২০ আগস্ট একই আয়োজনে পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করেছিল গুগল। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা, ভাঁজ করা যায় এমন স্মার্টফোন, নতুন স্মার্টঘড়ি এবং স্বল্পমূল্যের নতুন তারবিহীন কানে শোনার যন্ত্রও ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com