শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

আরিয়ানদের গ্রেপ্তারের পেছনে বিজেপি নেতার হাত!

বিনোদন ডেস্ক:: মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার বন্ধুদের গ্রেপ্তারের পেছনে এক বিজেপি নেতার হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নেতার নাম মণীশ ভানুশালী। তিনিই নাকি প্রমোদতরীতে মাদক পার্টির খবর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অর্থাৎ, মাদক নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছিলেন।

আরিয়ানদের গ্রেপ্তার করার পর তাদের যখন হেফাজতে নিয়ে যাচ্ছিল এনসিবি, তখনও তাদের সঙ্গে দেখা গিয়েছিল ওই বিজেপি নেতাকে। এর পরেই মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ তোলেন। এদিকে, এই অভিযোগের পর নিজের ও পরিবারের নিরাপত্তার আবেদন করেছেন বিজেপি নেতা মণীশ ভানুশালী।

সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, ‘১ অক্টোবর আমি মাদক পার্টির খবর পাই। আমার এক বন্ধু আমাকে এনসিবির কাছে যেতে বলেন। কিন্তু আগে থেকেই এনসিবির কাছে খবর ছিল। ২ অক্টোবর প্রমোদতরীতে হানা দেন তারা। সাক্ষী হিসেবে আমাদেরও নিয়ে যাওয়া হয়েছিল। তবে আমি জানতাম না ওই প্রমোদতরীতে শাহরুখ খানের ছেলেও আছেন।’

এই ঘটনার পর আরিয়ান ও তার বন্ধুদের এনসিবির দপ্তরে নিয়ে যাওয়ার যে ভিডিও প্রকাশ হয় সেখানেও দেখা যায় মণীশকে। এতে প্রশ্ন ওঠে কেন্দ্রীয় মাদক সংস্থার কর্তাদের সঙ্গে একজন বিজেপি নেতা কী করছেন? তিনি কি এভাবে তদন্তের সময় থাকতে পারেন?

তারও জবাব দিয়েছেন মণীশ। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এনসিবি কর্তাদের সঙ্গে ছিলাম। সংকীর্ণ গলি হওয়ায় একজনের হাত ধরে ছিলাম আমি। আর কিছু করিনি।’ মাদক মামলায় তার নাম বাইরে আসায় প্রাণহানির আশঙ্কা করছেন বলে জানিয়েছেন মণীশ। তাই পুলিশি নিরাপত্তার আবেদন করেছেন তিনি।

মণীশ বলেন, ‘আমি একজন বিজেপি কর্মী। আমি যা করেছি তা দেশের জন্য। এই ঘটনা নিয়ে বিজেপির কোনো নেতার সঙ্গে আমি কথা বলিনি। তবে যেভাবে নোংরা রাজনীতি করা হচ্ছে, তাতে আমি আতঙ্কিত। তাই আমার ও পরিবারের নিরাপত্তার জন্য মুম্বাই পুলিশের কাছে আবেদন করেছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com