শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদক:: ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। তারপর থেকে এ পর্যন্ত নির্মাতার হার্টে মোট ৮টি রিং পরানো হয়েছে। কিন্তু তাতে নিস্তার মেলেনি। আবারও বেজায় অসুস্থ হয়ে পড়েছেন কাজী হায়াৎ। ফলে ১৬ বছর পর আবারও ওপেন হার্ট সার্জারি করাতে চলেছেন তিনি।
গণমাধ্যমকে এই কথা কাজী হায়াৎই নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‘ওপেন হার্ট সার্জারিটা খুব জরুরি হয়ে পড়েছে। আমার হার্টে আবারও ব্লক ধরা পড়েছে। তাই এটা জরুরি। চলতি মাসের শেষ দিকে দেশেই ওপেন হার্ট সার্জারি করাব। যে ডাক্তার ওপেন হার্ট সার্জারি করবেন, কয়েকদিনের জন্য তিনি দেশের বাইরে গেছেন। তাই একটু সময় লাগছে। নইলে দ্রুতই করাতাম।’
হার্টের সমস্যা দেখা দেওয়ায় গত বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাজী হায়াৎ। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা জানান, নির্মাতার হার্টে আবারও ব্লক ধরা পড়েছে। সেটা এতটাই গুরুতর যে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। হাসপাতাল ছেড়ে ইতোমধ্যে বাসায় ফিরে গেছেন কাজী হায়াৎ।
এর আগে চলতি বছরের মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হন বহু হিট সিনেমার এই নির্মাতা। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। সে সময় ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ সনদ নিয়ে বাসায় ফিরে গিয়েছিলেন পরিচালক।
কাজের ক্ষেত্রে বর্তমানে ‘জয় বাংলা’ নামে একটি সিনেমার কাজ হাতে রয়েছে কাজী হায়াতের। এর বেশকিছু অংশের শুটিংও তিনি শেষ করেছেন। সরকারি অনুদানের এ ছবিটি তিনি আগামী বছর মুক্তি দিতে চান। সেখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নতুন জুটি বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু।