সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

আবারও একই ছবিতে সালমান-আনুশকা

বিনোদন ডেস্ক::

আবারও একসঙ্গে দেখা যাবে বলিউড কুইন আনুশকা শর্মা ও সুপারস্টার সালমন খানকে। তারকা নির্মাতা সঞ্জয় লীলা বানসালীর একটি ছবির কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছেন ‘সুলতান’ ছবিতে অসাধারণ অভিনয় করা এই জুটি।

ছবিটির গল্পও নাকি ব্যতিক্রম।সম্প্রতি অবশ্য ব্যতিক্রম চরিত্র খুঁজে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।

নিজের প্রযোজনায় ‘পরি’ থেকে শুরু করে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘সুই ধাগা’, সব ছবিতেই ব্যতিক্রমী চরিত্রে দেখা গেছে তাকে। দর্শক তার অভিনয়ের প্রশংসাও করছেন।

আসন্ন ‘জিরো’ সিনেমার ট্রেলারেও বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে ব্যতিক্রম চরিত্রে দেখা যাবে আনুশকাকে।

এসবের মধ্যেই বলিউডে আনুশকার ১০ বছর পূর্ণ হলো। ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি এই সুদর্শনী। নায়ক ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

আনুশকার সমালোচকরা তখন বলেছিলেন শাহরুখ খানের কারণেই লাইমলাইটে এসেছেন আনুশকা। এর পর একে একে ‘ব্যান্ড বাজা বারাত’, ‘পিকে’, ‘সুলতান’, ‘এনএইচ১০’-এর মতো ব্লকবাস্টার সিনেমা করে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছে বিরাটপত্নী।

এই এক দশকে শুধু নায়িকা হিসেবেই নয় প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও সফলতার পরিচয় দিয়েছেন আনুশকা। সাফল্যের মুকুট মাথায় উঠায় নেপথ্যে আনুশকার মনে করেন ‘ব্যতিক্রম রুচি’ তাঁকে সাহায্য করেছে।

এ বিষয়ে পিটিআইকে আনুশকা বলেছেন, ‘আমার পছন্দ সবসময় ব্যতিক্রম ছিল, কারণ এটা আমার ভেতরেই আছে। ব্যতিক্রমী রুচির কারণেই আমি সফল হয়েছি। ক্যারিয়ার শুরুই করেছিলাম একটু আলাদা ছবি দিয়ে, আর সে কারণে চলচ্চিত্র অঙ্গনে আমি নিজের ভিন্ন অবস্থান তৈরি করতে পেরেছি।’

এতসব সাফল্যের পর বছর শেষে আরেকটি সাফল্যের মুকুট মাথায় উঠতে যাচ্ছে আনুশকার। শোনা যাচ্ছে-সঞ্জয় লীলা বানসালীর পরের ছবিতে নায়িকা চরিত্রে দেখা যেতে পারে আনুশকাকে।

বলিপাড়ায় এ আলোচনা এখন তুঙ্গে। এই গুঞ্জন আরও দৃঢ় হয়েছে ‘জিরো’র পর আনুশকা নতুন কোনো ছবি সাইন না করায়। সবাই ধরে নিয়েছেন বানসালীর বিগ বাজেটের ছবির কারণেই আনুশকা নতুন কাজে হাত দিচ্ছেন না।

আরও মজার খবর হচ্ছে-এ ছবিতে নাকি আনুশকার নায়ক হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। চলতি বছরের শুরুর দিকেও এ আলোচনা শুরু হয়েছিল। পরে অবশ্য এর সত্যতা পাওয়া যায়নি।

শোনা যাচ্ছে, আনুশকাকে এ ছবিতে নিতে বানসালীকে নাকি অনুরোধ করেছেন সালমানই। সেই অনুরোধ রাখতে আনুশকাকে ছবির প্রস্তাব দেন বানসালী। আনুশকা কবুল বললে দর্শক ফের এ জুটির রসায়ন দেখতে পারবেন। এ জুটির সর্বশেষ ছবি সুলতান বেশ প্রশংসিত হয়েছিল।

বলিউড সূত্রের খবর, আনুশকা-সালমানের এই ছবির কাজ শুরু হচ্ছে নতুন বছরের শুরুতে। ২০২০ সালের ঈদে মুক্তি পেতে পারে এই চলচ্চিত্রটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com