শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চাইলেন আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ অনলাইন:: আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

সোমবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে ক্ষমা চান তারা।

ছয় জেল সুপারকে পদোন্নতি না দিয়ে আদালতের আদেশ অমান্য করায় গত ২০ নভেম্বর আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবকে ৪ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ।

আদেশ অনুযায়ী তারা আজ আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান। আপিল বিভাগ আদেশে ছয় জেল সুপারকে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন।

গত বছরের ৭ এপ্রিল আপিল বিভাগ রিভিউ আবেদনের রায়ে ৬ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। এই ৬ কর্মকর্তা হলেন- মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইকবাল কবির চৌধুরী, মো. আনোয়ারুজ্জামান, মনির আহমেদ, মো. বজলুর রশিদ আকন্দ ও মো. নুরুননবী ভূঁইয়া।

দেড় বছর পেরিয়ে গেলেও আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিরেযাগ আনার আবেদন করা হয়। এই আবেদনের শুনানি নিয়ে গত ৬ নভেম্বর পদোন্নতির রায় বাস্তবায়নের জন্য বিবাদীদের দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ।

দুই সপ্তাহ পার হয়ে যাওয়ায় ২০ নভেম্বর এই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিন শুনানিতে বিবাদীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, আবেদনকারীদের পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। পরে শুনানি শেষে আপিল বিভাগ তাদের তলব করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com