বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
আগামী সোম অথবা মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখসহ সব ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় করোনাকালীন শিক্ষার বিভিন্ন ইস্যু নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এইচএসসি পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এইচএসসি পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। কারণ পরীক্ষার আগ মুহূর্তে বন্ধ হয়েছে। আমাদের প্রশ্নও তৈরি আছে। কিন্তু ১৪ লাখ পরীক্ষার্থীর সাথে একজন করে অভিভাবক কেন্দ্রে গেলেও শিক্ষাকসহ ২৫ থেকে ৩০ লাখ লোকের সম্পৃক্ততা থাকে। যারা অধিকাংশই গণপরিবহন ব্যবহার করবে। সেজন্য আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি।
তিনি বলেন, শীতে করোনার সেকেন্ড ওয়েব আসতে পারে, সেটিও আমরা মাথায় রেখেছি। তবে কেউ কেউ নাকি পরীক্ষা ছাড়াই মূল্যায়ন চাইছেন। সেক্ষেত্রে আমরা সেটি নাকচ করছি না, কারণ সব চেষ্টার পরও পরীক্ষা নেওয়া গেলো না তাহলে কি আমাদের শিক্ষার্থীরা কি এগিয়ে যাবে না। সেক্ষেত্রে পরীক্ষা ছাড়া মূল্যায়নের সম্ভবনা থেকেই যাচ্ছে, আমাদের সেটিও ভাবতে হবে।
শিক্ষামন্ত্রী জানান, এইচএসসির বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া যায় সব কিছু আমরা ঠিক করেছি। আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে পরিপূর্ণ পরিকল্পনা তারিখসহ ঘোষণা করতে পারব। কতটুকু পরীক্ষা নেবো, কি পদ্ধতিতে নেবো সেটি সেদিন জানাতে পারব। তবে পরীক্ষার্থীদের আমরা অন্তত চার সপ্তাহ সময় দেবো। চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে কতো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে এটি সম্পন্ন করতে পারি। আর জেএসসি পরীক্ষার ফলাফলও আমরা মূল্যায়নে নিয়ে আসতে পারি।