রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে—ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাট প্রতিনিধি।। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এই মহলটির দেশপ্রেম কতটুকু রয়েছে, তা দেশের জনগণই বিবেচনা করবে বলে তিনি প্রশ্ন তুলেছেন।

​রোববার (২৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকায় অতিদরিদ্র পরিবারের জন্য নির্মিত পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনীয় ‘ঠিকানা’ বাসগৃহের উদ্বোধন ও হস্তান্তর শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

​সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, বিচার চলাকালে তিনি দেশে আসেননি, এখন বিচার শেষ হওয়ার পর আসতে চাইছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন।

​এ সময় দেশে ফেরার বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে অভিযোগ তুলে মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। অতীতের মতো ভবিষ্যতেও কেউ এ ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করলে দেশের সাধারণ জনগণই তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, দেশের অতিদরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য টেকসই, পরিবেশবান্ধব এবং দুর্যোগ সহনীয় আবাসন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যা, ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ‘ঠিকানা’ প্রকল্পের এই বাসগৃহগুলো গ্রামীণ জনপদের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন সংকট পুরোপুরি নিরসন না হওয়া পর্যন্ত সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

​এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনীয় ‘ঠিকানা’ বাসগৃহটির উদ্বোধনী ফলক উন্মোচন ও চাবি হস্তান্তর করেন মন্ত্রী। সরকারি অর্থায়নে নির্মিত টেকসই ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এই বাসগৃহটি বরাদ্দ পেয়েছেন বুদার বাঁশের তল এলাকার অতিদরিদ্র দিনমজুর মোছাঃ জোলেখা বেগম। তিনি ওই এলাকার মৃত মোবারক হোসেনের কন্যা এবং মৃত নুরুল হকের স্ত্রী। নতুন এই ঘরে তাঁর সঙ্গে বসবাস করবেন তাঁর ছোট বোন দিনমজুর সালেহা খাতুন।

​দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অনিরাপদ পরিবেশে বসবাস করা এই দুই বোন নিজের একটি স্থায়ী ও নিরাপদ আশ্রয় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ রাশেদুল হক প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com