রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা, অংশ নিলেন ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি।। দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা।

রোববার (২৯ নভেম্বর) আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর ও সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে সমবেত হন।

​সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতে শরিক হতে কালেক্টরেট মাঠে উপস্থিত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা শামসুদ্দিন।

​প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ এ মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা, রহমত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা। এ সময় লাখো কণ্ঠের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গণ, সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী ও আধ্যাত্মিক পরিবেশের।

​লালমনিরহাট জেলা মারকাস মসজিদের উদ্যোগে গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমা চলাকালে দেশের বরেণ্য আলেম-ওলামাগণ ঈমান ও আকিদা দৃঢ়করণ, নামাজ কায়েম, তাকওয়া অর্জন, দাওয়াত, তালিম এবং আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ধারাবাহিক বয়ান ও নছিয়ত পেশ করেন।

​ধর্মীয় এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। তিন দিনব্যাপী জিকির, বয়ান ও ইবাদত-বন্দেগিতে পুরো কালেক্ট্রেট মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় এক বিশাল ইবাদতখানায়।

​ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আয়োজক কমিটির সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com