সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সেনা বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো ৬০ দিন বাড়ল

সেনা বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো ৬০ দিন বাড়ল

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো ৬০ দিন বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৬০ দিন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।

পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপর্যায়ের কর্মকর্তারাও এ ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে যুক্ত করা হয়েছে।

এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪,৬৫, ৮৩,৮৪, ৮৬,৯৫ (২), ১০০, ১০৫,১০৭, ১০৯,১১০, ১২৬,১২৭, ১২৮,১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীন অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কর্মকর্তাদের।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত বছরের ১৯ জুলাই দিবাগত রাতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারাদেশে সেনাবাহিনী মোতায়েন আছে।

গত ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। পরে এই মেয়াদ একাধিকবার দু’মাস করে বাড়াচ্ছে সরকার।

সূত্র : ইউএনবি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com