সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরও ১ হাজার ১৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ঢাকায় এক শিশু ছাড়াও চট্টগ্রামে অরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৮৩ শিশু মারা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ২৪ হাজার ৭৭৬ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। অন্যদিকে গত একদিনে ১৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৬১৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।