শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

মাদক, বাল্যবিবাহ ও জঙ্গীবাদের বিরুদ্ধে শিক্ষার্থীর লালকার্ড প্রদর্শন

ঝিনাইদহ প্রতিনিধি॥ বাল্যবিবাহ, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিংকে লালকার্ড প্রদর্শন করলো ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল ১০ টায় লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শিক্ষার্থীরা এ লালকার্ড প্রদর্শনসহ শপথ নেয়। এ সময় তারা বাল্যবিবাহকে লালকার্ড, জঙ্গীবাদকে লালকার্ড, মাদককে লালকার্ডসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

সে সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

কুমিল্লার লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমানভাবে তিনি জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে গত ৭ মার্চ থেকে টানা ৫ মাসের সফরে বের হয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে তিনি এ কর্মসূচি শুরু করেছেন। বাংলাদেশের ৬৪ জেলায় তার এ কর্মসূচি বাস্তবায়িত হবে। ইতিমধ্যে তিনি ২৪ টি জেলায় জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার জন্য লালকার্ড প্রদর্শন কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। আগামীকাল (বুধবার) তিনি মেহেরপুর জেলায় লালকার্ড প্রদর্শন কর্মসুচি বাস্তবায়ন করবেন। এ সময় তার সাথে ছিল লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য হুসাইন আহমেদ ও আজহারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com