বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় রুবেল শেখ (২৮) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ী যুবকের পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী বেগমের (২০) বিরুদ্ধে। ভুক্তভোগী যুবকের পুরুষাঙ্গের ক্ষতস্থানে আটটি সেলাই লেগেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভার গোপিনাথপুর গ্রামে আহত যুবকের শ্বশুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার গোপিনাথপুরে তার শ্বশুর বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী আদরী বেগম ওই গ্রামের বাদলের মেয়ে।

ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করে বলেন, তার স্ত্রী আদরী বেগমের সঙ্গে তার বিভিন্ন সময়ে পরকীয়া সন্দেহের জেরে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এর জেরে মঙ্গলবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী আদরি বেগম তার বুকের উপরে বসে ধারালো ব্লেড জাতীয় বস্তু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। এসময় তিনি চিৎকার চেঁচামেচি করলে বাড়িতে থাকা অন্য লোকজন ও স্থানীয়দের সহোযোগিতায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার ক্ষত স্থানে ৮টি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

এ ঘটনায় ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি দল। আদরী বেগম পুলিশ হেফাজতে থাকায় এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আদরী বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com