শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

জুলাই জাতীয় সনদে এনসিপিই পরে স্বাক্ষর করেছে- নজরুল ইসলাম

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল দস্তখত করেছে। প্রথমে এনসিপি স্বাক্ষর করে নাই, পরে তারাও করেছে। এ সনদে যা লেখা আছে এটা তারা মানতে চাচ্ছেন না। আমরা সবাই মিলে একমত হয়ে দস্তখত করলাম, তারপর এটা মানবো না, এটা তো হতে পারে না।

আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে মান্য করব। কিন্তু সনদে যা বলা আছে তা কার্যকর করতে হলে বিল উত্থাপন করে জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ মেজরিটি দিয়ে অনুমোদন করাতে হবে। আর এটা করার জন্য যে সময় দরকার সেটা দিতে হবে। এই সংসদ দায়িত্ব নেওয়ার পরে একশর বেশি অধ্যাদেশ যা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে সেটা সংসদে একটা একটা করে পাশ করতে অনেক দিন সময় চলে গেছে।

শুক্রবার (৮ মে) বিকালে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংসদের সদস্য যারা হবেন তারা যদি সংসদীয় নিয়ম বুঝতে না চায়, আইন বুঝতে না চায় তাহলে তো হবে না। এটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। বিএনপির যথেষ্ট জনসমর্থন আছে আমরা এটা নিয়ে চিন্তা করছি না। আমরা কারো হুমকি-ধামকিতে ভয় পাই না। আমরা অনুরোধ করবো বিষয়টি বোঝার চেষ্টা করুন, সঙ্গেই থাকুন। আমরা যখন বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব তখন এর বাইরে কিছু চেয়ে ঝামেলা করার চেষ্টা করার দরকার নেই।

আলোচনা সভায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com