শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থানে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুমিনুল হকের ফিফটিতে তারা প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ৩০১ রানে। আজ দ্বিতীয় দিন লক্ষ্য প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে স্কোরবোর্ডটাকে ৪০০-৫০০ রানে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৮৫ ওভারে ৩০১/৪ (মুশফিক ৪৮*, লিটন ৮*; মাহমুদুল ৮, সাদমান ১৩, শান্ত ১০১, মুমিনুল ৯১)
গতকাল টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের সুইং ও বাউন্সে চাপে পড়ে যান দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩১ রানের মধ্যে ফিরে যান দুইজন। পাকিস্তানের পেসাররা প্রথম ১০ ওভারেই যা কিছুটা সহায়তা পেয়েছে। তার পর ছিল নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের আধিপত্য। দলকে টেনে তুলে ইনিংসের নিয়ন্ত্রণ নেন তারা। ধীরস্থির ও দায়িত্বশীল ব্যাটিংয়ে তৃতীয় উইকেটে গড়ে তোলেন ১৭০ রানের রেকর্ড জুটি। পুরো দ্বিতীয় সেশনেই দাপট দেখান দুজন। কিন্তু দারুণ এক সেঞ্চুরি তুলে আব্বাসের বলে এলবিডাব্লিউ হয়ে চায়ের বিরতিতে যাওয়ার শেষ ওভারেই শান্ত সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। এরপর মুমিনুল ও মুশফিকুর রহিম এগিয়ে নিয়ে যান বাংলাদেশের ইনিংস।
মুমিনুল ও মুশফিক মিলে যোগ করেন আরও ৭৫ রান। মুমিনুল সেঞ্চুরির আশা জাগালেও শেষ পর্যন্ত নোমান আলীর বলে ৯১ রানে আউট হয়েছেন। তার পর বাকি পথটা সামাল দেন মুশফিকুর রহিম। তিনি অপরাজিত আছেন ৪৮ রানে আর লিটন দাস খেলছেন ৮ রানে।
পাকিস্তানের পাঁচ বোলারের মধ্যে সালমান আগা ছাড়া শাহীন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও নোমান আলী একটি করে উইকেট নিয়েছেন।