বুধবার, ০১ Jul ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপে, গড়লেন নতুন রেকর্ড!

কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক:: সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে জোড়া গোল করে ফরাসি অধিনায়ক শুধু দলকে জেতাননি, বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম আরও উঁচুতে তুলে নিয়েছেন কিছু মেইলফলক ছুঁয়ে! ফ্রান্সের জয়টা ছিল প্রত্যাশিত, কিন্তু নিউ জার্সির রাতটা শেষ পর্যন্ত হয়ে থাকল কিলিয়ান এমবাপের।

বিশ্বকাপের বড় মঞ্চই যেন এমবাপের সবচেয়ে প্রিয় জায়গা। প্রতিবারই আলো নিজের দিকে টেনে নেন, আর এবারও তার ব্যতিক্রম হলো না। নিউ জার্সিতে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ফ্রান্স যখন অনায়াসে শেষ ষোলো নিশ্চিত করল, তখন ম্যাচের সবচেয়ে বড় গল্প হয়ে উঠলেন এমবাপ্পে।

জোড়া গোল করে দলকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন ফরাসি অধিনায়ক। তবে এই দুটি গোলের মাহাত্ব্য কেবল নকআউট নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকল না। বিশ্বকাপ ইতিহাসের একাধিক রেকর্ডে নিজের নাম নতুন করে লিখিয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। সুইডেনের বিপক্ষে দুই গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপের গোলসংখ্যা দাঁড়িয়েছে এখন ৯-এ। এর আগে ৮টি করে গোল নিয়ে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও এবং ব্রাজিলের আরেক কিংবদন্তি লিওনিদাস। সেই রেকর্ড ভেঙে এখন এককভাবে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বাধিক গোলের মালিক এমবাপ্পে।

এতেই শেষ নয়। চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ৬-এ নিয়ে গেছেন ফরাসি অধিনায়ক। ফলে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসিকে। দুজনেরই গোল এখন ৬টি। সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসির (১৯) থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে শেষ ষোলোতেই সেই ব্যবধান ঘুচিয়ে ফেলতে পারেন ফরাসি মহাতারকা।

ওলিসের নীরব কীর্তি

এমবাপের রেকর্ডের রাতে কিছুটা আড়ালেই থেকে গেছেন মাইকেল ওলিসে। অথচ ফ্রান্সের আক্রমণভাগের ছন্দ গড়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁরই। সুইডেনের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করে চলতি বিশ্বকাপে নিজের অ্যাসিস্ট সংখ্যা ৫-এ নিয়ে গিয়েছেন এই মিডফিল্ডার। যার মধ্য দিয়ে ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির টমাস হ্যাসলারের পর এক আসরে পাঁচটি অ্যাসিস্ট করা প্রথম ফুটবলার হলেন ওলিসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com