শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ডিবি পুলিশের পরিদর্শন (ইন্সপেক্টর) জালাল উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ২০মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে জালাল উদ্দীনের লাশ তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়ায় পৌছায়। রাত ১১ টার দিকে ঝিনাইদহ পুলিশ লাইন্সের গার্ড অব অনার টিমের সদস্যরা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার সেক্টেন্ড অফিসার এসআই নিরব হোসেন।
গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনি লস্কারসহ এলাকার রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
গার্ড অব অনার প্রদানের পর ঢাকায় নিহত ডিবি পুলিশের পরিদর্শন জালাল উদ্দীনকে পৈত্রিক বাড়ির পাশের একটি বাঁশ বাগানে দাফন করা হয়।
জালাল উদ্দিন ১৯৭০ সালের ১৫ মে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ভোলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালের ১ সেপ্টেম্বার কনস্টেবল পদে যোগ দেন। চাকরির ধারাবাহিকতায় ২০০২ সালের ১ আগস্ট এএসআই পদে, ২০০৭ সালের ১ নভেম্বর এসআই এবং ২০১৭ সালের ১৯ আগস্ট পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান।
২০১৭ সালের ৯ সেপ্টেম্বার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগে পরিদর্শক পদে বদলি হন। তিনি ২০১৩ সালের ২৩ জানুয়ারিপ ্রধানমন্ত্রীর কাছ থেকে পিপিএম পদক গ্রহণ করেন।
প্রসঙ্গত গত সোমবার (১৯ মার্চ) দিনগত ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি বাসায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় সেখানে সন্ত্রাসীদের গুলিতে ডিবির পুলিশ পরিদর্শন জালাল উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন। আশঙ্কাজনক অব্স্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।