শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঝিনাইদহ জেলার সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হামিদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড ইকবাল কবির জাহিদ বলেছেন, ওয়ার্কার্স পার্টিকে এদেশের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে হবে। দেশে আজ চরম রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। বড় বড় বিরোধী দল জনগনের সমস্যা তুলে ধরে অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। এ রাজনৈতিক শূণ্যতার কারনে পুলিশ প্রশাসনসহ সরকারের সকল সেক্টরে দুর্নীতি লাগামহীনভাবে বেড়েই চলেছে। রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহরের মেইন বাসটার্মিনালে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন পার্টির উপজেলা সাধারণ সম্পাদক কমরেড আমির হামজা বাবলু।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মোফাজ্জেল হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক অরুন কুমার ঘোষ, সদস্য শাহীনুল এনাম পল্লব, সম্পাদক ম-লীর সদস্য আক্তার হোসেন, ক্ষেত মজুর ইউনিয়ন নেতা নজরুল ইসলাম, জাতীয় কৃষক সমিতির নেতা আব্দুল কুদ্দুস, পানচাষী নেতা জাহিদুল ইসলাম, বাম প্রগতিশীল নেতা অধ্যাপক অমলেন্দু বিশ্বাস, মরহুম নেতার ভাগ্নে ও কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কমরেড ইকবাল কবীর জাহিদ আরো বলেন, দেশের গরীব কৃষক শ্রমিকরা আজ দিশেহারা। এক দিকে বলা হচ্ছে উন্নয়নশীল দেশ, অপরদিকে শিল্প ধ্বংসের পর্যায়ে চলে গেছে। মোবারকগঞ্জ চিনিকল আজ বন্ধের পথে। শ্রমিকরা গত কয়েক মাস যাবৎ বেতন-ভাতা পাচ্ছে না। কৃষকরা আখ বিক্রি করে চিনিকল থেকে টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। দেশের পাটকল ও গার্মেন্টস্ শিল্পেরও একই অবস্থা। শ্রমিকরা ৫/৬ হাজার টাকায় বেতনেও কাজ করতে বাধ্য হচ্ছে। অথচ আজকের বাজার অনুযায়ি তাদের জীবন চলার জন্য আমরা শ্রমিকদের নূন্যতম মজুরী ১৬ হাজার টাকা দাবি করেছি। কিন্তু সরকার মালিক কেউই তা মানছে না। মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস দাবি করেছি। কিন্তু গার্মেন্টস মালিকরা এটাও মানছে না। কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। এ অবস্থা মানা যায়না।
তিনি আরো বলেন, আব্দুল হামিদের জীবন সংগ্রাম অনুসরণ করে পার্টির সকল নেতাকর্মী ও সদস্যকে গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় ঘুরে মানুষকে সংগঠিত করে সাধারণ মানুষের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। এভাবেই ওয়ার্কার্স পার্টিকে এদেশের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে উঠে দাঁড়াতে হবে। মরহুম নেতা আব্দুল হামিদ সারাজীবন গরীব কৃষক শ্রমিককের পক্ষে আন্দোলন সংগ্রাম করে গেছেন। উল্লেখ্য কমরেড আব্দুল হামিদ ২০১৬ সালের ১৭ মার্চ মৃত্যুবরণ করেন।