রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: সংযুক্ত আরব আমিরাতের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকালেই দিনের আলোতে চাঁদের এই বিরল দৃশ্য ধারণ করা হয়, যার মাধ্যমে দেশটিতে জিলকদ মাসের সূচনা হয়েছে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের তথ্যানুযায়ী সকাল ১০টার দিকে চাঁদের ছবি তোলা হয়। সে সময় চাঁদ সূর্য থেকে প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল এবং এর বয়স ছিল আনুমানিক ১৬ দশমিক ৫ ঘণ্টা। জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বে খালাফান আল-নাইমি, ওসামা ঘানেম ও আনাস মুহাম্মদের সহযোগিতায় ছবিটি ধারণ করা হয়।
চাঁদ দেখার এই তথ্যের ভিত্তিতে আসন্ন পবিত্র ঈদুল আজহা-এর সম্ভাব্য তারিখও নির্ধারণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগের দিন ২৬ মে (মঙ্গলবার) পালিত হতে পারে পবিত্র আরাফার দিন।
এ বিষয়ে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য ইসলামী উৎসবের মতোই, চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার সরকারি ঘোষণার ওপর।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দিনের আলোতে চাঁদের এমন দৃশ্য ধরা পড়া একটি ব্যতিক্রমী ঘটনা, যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিরই প্রতিফলন।