বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

আগস্টে তফসিল, অক্টোবরে ভোটের লক্ষ্য: ইসি জুড়ে জোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, অনলাইন ডেস্ক ॥
স্থানীয় সরকার নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধির খসড়া চূড়ান্ত করার পাশাপাশি প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সাংবিধানিক সংস্থাটি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে কার্যক্রম শুরু করা হবে। আগামী আগস্টে নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের মধ্যে প্রথম ধাপের ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইতোমধ্যে ভোট উপযোগী দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের পদের সর্বশেষ হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করেছে কমিশন।

‘আইন সংশোধনে ভোট পেছাবে না’
চলতি মাসেই স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধি সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠাচ্ছে ইসি। তবে আইন সংশোধনের কারণে ভোট গ্রহণ পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, “আইনে কোনো পরিবর্তন এলে তা কবে থেকে কার্যকর হবে, তা স্পস্ট উল্লেখ থাকবে। আর সংশোধন না হলেও বিদ্যমান আইনেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব, কারণ বর্তমান আইন যথেষ্ট শক্তিশালী।”

প্রথম ধাপে কোন নির্বাচনগুলো প্রাধান্য পাবে-এ প্রশ্নে এই কমিশনার জানান, যেসব প্রতিষ্ঠানে মেয়াদের আইনি বাধ্যবাধকতা শেষ হয়েছে বা বর্তমানে জনপ্রতিনিধি নেই, সেগুলোতে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ১০০% নিশ্চিত করে নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার জন্য প্রতিটি স্তরের ভোট পৃথক ধাপে নেওয়া হবে।

কঠোর পদক্ষেপ ও ‘সশস্ত্র বাহিনী’ যুক্তের সুপারিশ
জাতীয় সংসদ নির্বাচনে অর্জিত অভিজ্ঞতা স্থানীয় সরকার নির্বাচনেও কাজে লাগানো হবে বলে জানান মো. আনোয়ারুল ইসলাম সরকার। সংজ্ঞায় ‘সশস্ত্র বাহিনী’ অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের গুণগত মান উন্নত করতে প্রয়োজন অনুযায়ী আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, আপাতত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ দিয়েই ভোট গ্রহণ শুরু করা হবে। ইউপি নির্বাচন অতীতের মতো ২০০ থেকে ৩০০টি করে ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে পৌরসভার ভোট এক দিনে হবে নাকি একাধিক ধাপে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

আগস্টেই ভোটকেন্দ্র ও ভোটার তালিকার পূর্ণাঙ্গ রূপ
ভোটগ্রহণ সামনে রেখে নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেছে ইসি:

খসড়া ভোটকেন্দ্র তালিকা: ১০ আগস্ট

দাবি/আপত্তি ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত কেন্দ্র তালিকা: ২৭ আগস্ট (চিঠি প্রদান: সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া)

খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৯ আগস্ট

আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ: ২৪ আগস্ট পর্যন্ত

চূড়ান্ত/পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ: ৩১ আগস্ট (চিঠি প্রদান: সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী)

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com