রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

৮ দিনেও উদ্ধার করা যায়নি টানেলে আটকে পড়া ৪০ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মাণাধীন টানেল ধসের ৮ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হননি আটকে পড়া ৪০ শ্রমিক। কীভাবে শ্রমিকদের উদ্ধার করা যায় তা নিয়ে নানান পরিকল্পনা হলেও এখনও আশার আলো দেখতে পাননি উদ্ধারকারীরা।

তবে শ্রমিকদের প্রতিনিয়ত পানি, খাবার ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। কিন্তু যতই সময় এগোচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। বাড়ির লোক আটকে রয়েছেন জানতে পেরে অস্থিরতায় দিন পার করছে অসংখ্য পরিবার।

৪০ জনের সেই দলে রয়েছেন উত্তরাখণ্ডের চম্পাবত জেলার ছানি গোথ গ্রামের বাসিন্দা পুস্কর। ২৫ বছর বয়সী পুস্করের ভাই বিক্রমও নির্মাণকাজের সঙ্গে যুক্ত। বাড়িতে রয়েছেন তাদের বৃদ্ধ বাবা-মা। সুড়ঙ্গ ভেঙে পড়ার খবর পেয়ে বাবা-মাকে কিছু না জানিয়েই উত্তরকাশীতে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন বিক্রম। ভাই কেমন আছে তা নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে বিক্রম জানিয়েছেন, ঘটনার ছয় দিনের মাথায় অর্থাৎ শুক্রবার ভাইয়ের সঙ্গে কয়েক মুহূর্তের জন্য তিনি যোগাযোগ করতে পারেন। বিক্রম বলেন, ‘ওর গলা শুনে মনে হচ্ছিল খুব ক্লান্ত, আতঙ্কিত হয়ে আছে। কিন্তু আমাকে বার বার আশ্বাস দেয়ার জন্য বলেছে যে চিন্তার কোনো কারণ নেই। ভাই একা নয়, ওর সঙ্গে আরও অনেকে আছে।

উল্লেখ্য, রোববার (১২ নভেম্বর) উত্তরাখণ্ডের সিল্কইয়ারা ও দান্দানগাঁওকে সংযুক্তকারী টানেল নির্মাণের কাজ শেষে বের হচ্ছিলেন নাইট শিফটের শ্রমিকরা। এ সময় ডে শিফটের শ্রমিকরা প্রবেশ করতে গেলে হঠাৎ করেই সেটি ধসে পড়ে।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com