রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ৩৫ হাজার মানুষের অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, এই জামাতে ৩১ হাজার পুরুষ ৩ হাজার সহ মহিলার নামাজের ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র।
তাপস বলেন, ‘ঈদুল ফিতরের নামাজের প্রায় সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আর যে একদিন আছে এরমধ্যে আমরা বাকি কাজগুলো সম্পন্ন করব।’ ‘গত দুই বছরের ন্যায় ঢাকাবাসীকে আমরা আমন্ত্রণ জানাতে চাই। পরিবার পরিজন নিয়ে এই জামাতে অংশগ্রহণ করার জন্য এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।’
তিনি বলেন, ‘এখানে ৩৫ হাজার মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি কোন ধরনের বৃষ্টিপাত হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা সে ধরনের তথ্য পেয়েছি। কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও এখানে যেন সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠিত করা যায়, সেই ব্যবস্থা আমরা করেছি। পুরোটা অংশ আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি। যেন পানি পড়তে না পারে এবং কোন দুর্ভোগ না হয়।’
তাপস বলেন, ‘এখানে আমাদের নিয়ন্ত্রণকক্ষ থাকবে এবং সকল স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে। যাতে করে কোনো মুসল্লির কোনো সমস্যা না হয়৷’ জামাতে প্রবেশের জন্য ৪ টি প্রবেশ পথ তৈরি করা হয়েছে। মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথ রয়েছে। এছাড়া জামাত শেষে বের হওয়ার জন্য আরও তিনটি ফটক আমরা রেখেছি। যাতে করে দ্রুত সবাই বের হয়ে যেতে পারে।
মুসল্লিরা জায়নামাজ এবং ছাতা জামাতে আনতে পারবেন জানিয়ে দেয়াশালাইসহ আগুন জালানোর কোন সরঞ্জাম নিয়ে কাউকে জামাতে প্রবেশ না করতে সবাইকে অনুরোধ জানান মেয়র।