শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ব্যাট কিনে দেওয়ার কথা বলে সাত বছরের শিশু আলিমকে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়া মো. শাহজাহানের (৬৮) বিরুদ্ধে। অপহরণের প্রায় ১০ ঘণ্টা পর ঢাকার কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলিম ওই গ্রামের প্রবাসী মো. রুবেলের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে নবাবগঞ্জ থানায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে ব্যাট কিনে দেওয়ার কথা বলে আলিমকে গোবিন্দপুর বাজারে নিয়ে যান একই বাড়ির পাশের কক্ষের ভাড়াটিয়া শাহজাহান। পরে আগলা বাজার থেকে একটি গাড়িতে করে শিশুটিকে ঢাকার কামরাঙ্গীরচরে নিয়ে যান তিনি। সেখানে মো. নাসির নামে তার সাবেক ব্যবসায়িক অংশীদারের বাসায় নাতি পরিচয়ে শিশুটিকে রেখে ফিরে আসেন শাহজাহান।
দুপুরে শিশুটি কান্নাকাটি শুরু করলে নাসির বিষয়টি শাহজাহানকে জানান। এ সময় শাহজাহান শিশুটিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে বলেন। এতে নাসিরের সন্দেহ হলে তিনি শিশুটির নাম-পরিচয় জানতে চান। আলিম তার বাবা-মায়ের নাম বলার পাশাপাশি দাদা আলী বেপারির মোবাইল নম্বরও জানায়। পরে ওই নম্বরে ফোন করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন নাসির। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা সন্ধ্যায় কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে উদ্ধার করেন। এদিকে গোবিন্দপুর ও আগলা বাজারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শাহজাহানকে শনাক্ত করেন স্বজনরা। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আলিমের চাচা মো. মামুন বলেন, ভাতিজাকে খুঁজে না পেয়ে তারা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে গোবিন্দপুর ও আগলা বাজারের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে সকালে শাহজাহানকে আলিমের হাত ধরে নিয়ে যেতে দেখা যায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, সন্ধ্যায় কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে থানায় আনা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।