সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
একুশের কণ্ঠ প্রতিবেদন:: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।
এর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের কথা ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সূচিতে পরিবর্তন আনা হলো।
সাধারণত সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে সেই প্রচলিত সূচি বেশ কয়েকবার ব্যাহত হয়।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ের অপচয় কমাতে পরীক্ষা আয়োজনের সময়সূচি নিয়ে নতুন করে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।