শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
১৫ আগস্টের ছুটি বাতিল নিজস্ব প্রতিবেদক:: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটি বাতিল করা হয়।
প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অদ্যকার উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন ১৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি ছুটি ছিল।
এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।
গতকাল সোমবার বিকেল ৪টায় ড. ইউনূস বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু করেন। এরপর একে একে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন।
১৫ আগস্টের বিষয়ে দলগুলোর মতামত জানতে চাইলে একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ১৫ আগস্ট শোক দিবস পালনের পক্ষে মত দেন। তিনি বলেছেন, ১৫ আগস্ট সর্বজনীন। যতটুকু শ্রদ্ধা পাওয়া উচিত, ততটুকু শ্রদ্ধাই যেন পায়।
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।