শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

হৃতিকের বিপরীতে প্রিয়াংকা-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক:: আবারও পর্দায় আসছে সুপারহিরো ‘কৃষ’। এ বছরের জানুয়ারিতে বলিউড অভিনেতা হৃত্বিক রোশানের বাবা এবং পরিচালক রাকেশ রোশান ঘোষনা দিয়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ‘কৃষ ফোর’। সেই সঙ্গে খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।

ছবির মূখ্য ভূমিকায় যে হৃত্বিক রোশন অভিনয় করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে হৃত্বিকের বিপরীতে কে অভিনয় করবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, পরিচালক রাকেশ রোশান এ ব্যাপারে প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফের নাম এগিয়ে রেখেছেন। এছাড়া যেহেতু ছবির স্ক্রিপ্ট এখনও চূড়ান্ত হয়নি সেজন্য হয়তো দুইজনকেই রাখা হবে ছবিটিতে।

সংশ্লিষ্ট সূত্র আরও বলছে, শুরু থেকেই প্রিয়াঙ্কার চরিত্রটি ছবিতে রয়েছে। তবে তা আরও উন্নত করতে হবে। যদি ছবিতে আরেকজন নায়িকা থাকে তাহলে স্ক্রিপ্টে নতুন করে পরিবর্তন আনা হবে। সেই সঙ্গে পরিচালক যদি দুজনের চরিত্র সমানভাবে গুরুত্ব দেন তাহলে বিষয়টি খুবই দারুন হবে।

২০০৩ সালে ঋত্বিক রোশন ও প্রীতি জিনতা অভিনীত ‘কোয়ি মিল গায়া’ ছবিটি মুক্তি পায়। ছবিটি দারুনভাবে সফল হওয়ার পর ২০০৬ সালে নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কৃষ’। এতে হৃত্বিকের বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ২০১৩ সালে নির্মিত হয় ‘কৃষ থ্রি’। এতেও প্রিয়াংকা ছিলেন হৃত্বিকের বিপরীতে। সূত্র : ইন্ডিয়া ডট কম

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com