রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সুন্দর সমৃদ্ধিশালী স্মার্ট সোনার বাংলা বিনির্মাণে আনসার বাহিনীর ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি সুন্দর সমৃদ্ধিশালী স্মার্ট সোনার বাংলা বিনির্মাণে আনসার বাহিনীর ভূমিকা অপরিসীম। তিনি বলেন, ‘দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশের বিভিন্ন মেগা প্রকল্প, দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে এ বাহিনীর সদস্যরা ভূমিকা রেখে এসেছে।’

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি অ্যাকাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশে সর্ববৃহৎ বাহিনী। এ বাহিনীর সদস্যরা দেশের আনাচে-কানাচে প্রতিটি গ্রাম থেকে শুরু করে শহর, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রকল্পের নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে। দেশের যোগাযোগ ব্যবস্থা সড়ক, বিমানবন্দর, রেলপথ, নৌপথ ও সীমান্ত রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। তাদের প্রধান কাজ দেশের সব অশুভ শক্তির মোকাবিলা করা। দেশকে এগিয়ে নিতে একটি সুন্দর সমৃদ্ধিশালী স্মার্ট সোনার বাংলা বিনির্মাণে এ বাহিনীর ভূমিকা অপরিসীম। দেশের কল্যাণে বৃহত্তম এ বাহিনীর প্রচেষ্টা দেশের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে।’

এর আগে সকাল ১০টায় আনসার ভিডিপি একাডেমিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী। পরে তাকে অভিবাদন মঞ্চে শুভেচ্ছা জানানো হয়। তিনি লালগালিচায় সুসজ্জিত জিপ গাড়িতে প্যারেড ও বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আনসার বাহিনীর প্রধান মেজর জেনারেল আমিনুল হক।

এসময় এক এক করে প্রধানমন্ত্রীকে বিভিন্ন কন্টিনজেন্ট দল অভিবাদন জানান। অভিবাদন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮০ জন আনসার সদস্যকে পদক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com