রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামির জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

হাইকোর্টের দেয়া জামিন ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করে ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আসামি পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে সোমবার মাহমুদুল আলম বাবুকে ছয় মাসের জামিন দেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

এর পরই এ জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছিলেন তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

এর আগে গত ২৭ আগস্ট বাবুসহ ছয় আসামির জামিন নামঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ।

চলতি বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। এর পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আলোচিত এ হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com