রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন মাহে রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের ইফতারি পার্টি না করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে যে নির্দেশনা এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেটা হলো রমজান মাসে এ রকম কোন বড় ইফতার পার্টি নামে কোনো কিছু উদযাপন করা যাবে না। নির্দেশনার মধ্যে সরকারিভাবে করা যাবে না, সেটির বিষয়ে তিনি (প্রধানমন্ত্রী) সবাইকে সতর্ক করেছেন। সরকারিভাবে করবে না, বেসরকারিভাবেও নিরুৎসাহিত করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কারো যদি এ রকম ইচ্ছা থাকে তাহলে সেই অর্থ দিয়ে খাদ্য কিনে গরিব মানুষদের মধ্যে যেন বিতরণ করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইফতার পার্টি কোনো ধর্মীয় ইস্যু নয়। আপনাকে এটা বুঝতে হবে যে আমরা যেন অপচয় না করি, আমরা যেন লোক দেখানো কার্যক্রমে নিজেদের নিয়োজিত না করি। তার থেকে ওই টাকাটা যদি আপনি কাউকে বা কারো কল্যাণে ব্যবহার করতে চান, ওটা দিয়ে তো আপনি গরিব মানুষকে সাহায্য করতে পারবেন। আমি আপনি বসে একটু খেলাম, ওখানে অনেক অপচয় হলো, খাদ্যের অপচয় হলো, অর্থের অপচয় হলো, এটার তো কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যৌক্তিকতা নেই।

উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com