রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সমঝোতায় রাজি ইসরায়েল, অপেক্ষা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: গাজা উপত্যকায় চলমান যুদ্ধে প্রথমবারের মতো ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে যেতে রাজি হয়েছে ইসরায়েল। তবে এই সমঝোতার বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

মঙ্গলবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, মূলত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেই এ চুক্তিতে আসতে আগ্রহী ইসরায়েল। হামাস যদি তার হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয়, তাহলে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরও ছেড়ে হবে।

কান বলছে, ‘বল এখন হামাসের কোর্টে। হামাস যদি ইতিবাচক সাড়া দেয়, তাহলে সহজেই বন্দি বিনিময়ের একটি চুক্তি হতে পারে।’

এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছিলেন, গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আশা করি শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে এবং আমরা খুব কাছাকাছি আছি, তবে এখনও কাজ বাকি আছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাসের যোদ্ধারা। এ সময় উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জনকে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন।

অন্যদিকে যুদ্ধের শুরুর দিকে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছিল, তারা ইসরায়েলি সৈন্য এবং বেসামরিক ব্যক্তিসহ প্রায় ২৫০ জনকে বন্দি করে রেখেছে। কিন্তু পরে জানানো হয়, গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় তাদের মধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com