শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার দেড় মাস বন্ধ থাকবে । সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ।
বুধবার (৫ জুন) সচিবালয়ে এ বিষয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন । এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন সতর্ক রয়েছে । এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব এবং এ কাজে তৎপর চক্রগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে ।
২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট । এরপর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে ।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার । শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৪৬৩টি । আর কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭২৫টি ।