বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ আহসান আহমেদ অমিত বেঁচে থাকতে কতই না নিত্যদিন পদচারণা করেছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
ক্রীড়াঙ্গনে প্রিয়মুখ ছিলেন আহসান আহমেদ অমিত। সংগঠক থেকে বাফুফের হেড অব মিডিয়া হিসেবে চাকরি করে প্রায় ৩০ বছরের বেশি সময় ক্রীড়াঙ্গনে কাটানো আহসান আহমেদ অমিত সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে।
৫ জুলাই সোমবার বেলা ১১টায় স্টেডিয়ামের সবুজ মাঠ আর লাল টার্ফে শেষবারের মতো এলেন আহসান আহমেদ অমিত । সাদা কাফনে মোড়ানো নীরব-নিথর দেহে! তাকে শেষ বিদায় জানাতে সমবেত হয়েছিলেন ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিত্বরা।
দাফনের আগে দুটি জানাজা হয়েছে। অমিতের প্রথম জানাজার নামাজ সোমবার গোপীবাগের আর. কে মিশন রোডে অবস্থিত বিসমিল্লাহ মসজিদে অনুষ্ঠিত হয় বেলা ১০টায়। দ্বিতীয় জানাজা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১১টায় হয়। কঠোর লকডাউনের মধ্যেও ক্রীড়াঙ্গনের অনেক মানুষ শরিক হয়েছিল আহসান আহমেদ অমিতের জানাজায়। শেষ বিদায় জানিয়েছেন প্রিয় মানুষটিকে।
এছাড়া আহসান আহমেদ অমিতকে শেষবারের মতো দেখতে এসেছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণসহ বেশ ক’জন নারী ক্রীড়া সংগঠক, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য জাকির হোসেন চৌধুরী, আমের খান, মহিদুর রহমান মিরাজ, ডেভেলপমেন্ট কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম প্রমুখ।
বাফুফে, টিটি ফেডারেশন, ভলিবল ফেডারেশন, এ্যাথলেটিক্স ফেডারেশন, জিমন্যাস্টিক্স ফেডারেশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ বয়েজ, পাললিক, বিভিন্ন ক্রীড়া সাংবাদিক সংগঠন ও বিভিন্ন ফুটবল সংগঠকরা অমিতকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। অমিতের শোকস্তব্ধ বাবা আলতাফ আহমেদও উপস্থিত ছিলেন জানাজায়। জানাজা শেষে তিনি বলেন, ‘বলতে গেলে অমিত জন্মই নিয়েছিল ক্রীড়াজগতে কাজ করার জন্য।’
সোমবার বেলা সাড়ে সাড়ে ১২টায় ঢাকার আজিমপুর কবরস্থানে আহসান আহমেদ অমিতকে দাফন করা হয় তার মায়ের কবরের ওখানেই। মা শাহনাজ বেগমকে অনেক ভালবাসতেন অমিত, সেই মায়ের বুকেই চিরনিদ্রায় গেলেন তিনি। শাহনাজ ২০১৫ সালের ২৭ নবেম্বর ৫৯ বছর বয়সে কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগে মারা গিয়েছিলেন।
রবিবার দুপুরে তার মরদেহ ভারত থেকে দেশে আনা হয়। অমিত শৈশবকাল থেকে ছিলেন ক্রীড়াঅন্তঃপ্রাণ। ছোটবেলা থেকেই বাংলাদেশ বয়েজ ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ফুটবল ও টেবিল টেনিসসহ অন্য খেলাতেও সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।
তার অকালমৃত্যুতে ক্রীড়াঙ্গন নিঃসন্দেহে অনেক ক্ষতিগ্রস্ত হলো। রবিবার তার মরদেহ দেশে আনা হয়। বেনাপোলে আহসান আহমেদ অমিতের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর ও বাফুফের গ্রাসরুট ম্যানেজার মো. হাসান মাহমুদ।