মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শ্রীনগরে হাতুড়ি পিটায় স্কুল ছাত্র নিহত, দোকানপাট ও বাড়িঘর ভাংচুর

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি পিটায় দশম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ রিফাত দেওয়ান (১৭) মারা যায়। রিফাতের মৃত্যুর খবরে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামে ঢুকে প্রায় অর্ধশতাধিক দোকানপাট ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার পাউসার সংযোগ সেতুর দুই পারে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশী পাহাড়া বসানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার রাত ৮ টার দিকে সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামের গ্রুপটি শ্রীনগর উপজেলার রিফাত, শাওন সহ ৫-৬ জনকে পাউসার সেতুর উপর ডেকে নেয়। সেখানে পাউসার গ্রামের রাহুল, রবিণ, বাবু, সাগর, পুলক, মুকুল, সাহান সহ বেশ কয়েকজন মিলে রিফাত গ্রুপের উপর হামলা চালায় ও তাকে হাতুরি পিটা করে। মাথায় আঘাত প্রাপ্ত রিফাতকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রিফাতের মৃত্যু হয়। রিফাত শ্রীনগর উপজেলার শ্রীধরপুর গ্রামের কৃষক নিজাম দেওয়ানের পুত্র।

স্থানীয়রা জানায়, দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে পাল্টা পাল্টি ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে আসছিল। গত ১২ই এপ্রিল সিরাজদিখান উপজেলার শেখেরনগর এলাকায় একটি স্কুলের কনসার্টে ওই এলাকার শাওন, মুন্না, কাউসার সহ কয়েকজনের সাথে পাউসার গ্রামের রাহুল গ্রুপের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার বিকালে প্রতিশোধ নিতে শেখরনগর থেকে শাওন গ্রুপের লোকজন এসে রিফাত গ্রুপের কয়েক জনের সাথে সখ্যতা গড়ে তুলে। বিষটি রাহুল গ্রুপের লোকজন মেনে নিতে না পেরে রাতে রিফাত গ্রুপের কয়েকজনকে পাউসার সেতুর উপর ডেকে নিয়ে মারধর ও হাতুরি পেটা করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী জানান, শেরেবাংলা নগর থানা পুলিশ রিফাতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্টরা এলাকা থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com