সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,নবাবগঞ্জঃ
চলমান রমজান মাসের এবং আসন্ন ঈদকে সামনে রেখে বাজার গুলোতে যাতে দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতি না হয় বা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয় সে বিষয়ে ব্যবসায়ী ও বাজার বণিক সমিতিকে সর্তক থাকার আহবান জানালেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি সোমবার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নবাবগঞ্জের কয়েকটি বাজার পরিদর্শন করেন।
সংসদ সদস্য আবু আশফাক প্রশাসনের কাউকে না জানিয়ে নেতাকর্মীদের নিয়ে নিজেই বাজার গুলো ঘুরে বেড়ান। এসময় গালিমপুর ও চুড়াইন বাজার ক্ষুদে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় শেষে তিনি বলেন, রমজানে ও পবিত্র ঈদকে সামনে রেখে যাতে কোনো সিন্ডিকেট তৈরী করা না হয়। এ বিষয়ে বাজার বণিক সমিতি ও স্থানীয় সুশীল সমাজকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, রমজান মাস বা ঈদ আসলেই আমাদের দেশে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তিতে ফেলে।
আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সবাইকে সজাগ থেকে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার আহবান জানিয়েছেন। সংসদ সদস্য উপজেলার টিকরপুর, গালিমপুর, চুড়াইন, গোবিন্দপুর বাজার ঘুরে বিভিন্ন দ্রব্য মূল্যের দাম যাচাই করেন। এসময় তিনি কয়েকটি মিষ্টির দোকানে গিয়ে মানসম্পন্ন খাবার তৈরীর অনুরোধ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, আবু সাইদ, বিএনপির নেতা ইউসুফ আলী খান, জিয়াউর রহমান, মো. রিপন প্রমূখ।

প্রাক্তন ছাত্র সমিতির ঈদ সামগ্রী বিতরণ সোমবার সকালে নবাবগঞ্জের কলাকোপা কোকিরপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে প্রায় ৫ শতাধিক দারিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খন্দকার আবু আশফাক এমপি প্রধান অতিথি থেকে সবার মাঝে এসব খাবার সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য তিনিও ওই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিশু বিশেষজ্ঞ খন্দকার আবুল বাসার। উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক আব্দুস সালাম, সাইফুল ইসলাম, প্রতিষ্ঠান প্রধান মো. শাহ আলম প্রমূখ।