মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শ্রীনগরে বিচারাধীন জমিতে সাইনবোর্ড স্থাপন নিয়ে দুই গ্রুপে উত্তেজনা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে বিচারাধীন জমিতে সাইনবোর্ড স্থাপন নিয়ে দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর উপজেলার পূর্ব কামার খোলা এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, পূর্ব কামার খোলা এলাকার আর এস ২৮৯ দাগের ৪৯ শতাংশ জমি প্রায় অর্ধশতাধিক বছর ধরে ওই এলাকার হাজী মোঃ রুহুল আমিন বেপারী ভোগ দখল করে আসছিলেন। তিনি ২০১৪ সালে মুন্সীগঞ্জ আদালতে ডিক্রি চেয়ে সরকার ও স্থানীয় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি এই বছর জুলাই মাসে আদালত খারিজ করে দেয়। পরে তিনি উচ্চ আদালতে আপিল দায়ের করেণ। আপীল চলাকালীন সময়ে শনিবার সকালে এলাকার একটি চিহ্নিত প্রভাবশালী গ্রুপ মসজিদ মাদ্রাসার জমি দাবী করে রুহুল আমিনের আরএস ২৮৯ দাগ ও ৪১৯ দাগের সরকারী জমিতে সিমেন্টের খুটি দিয়ে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। রুহুল আমিন বেপারীরর ছেলেরা সাইনবোর্ড সরাতে গেলে দুই গ্রুপে উত্তেজনা দেখা দেয়। এঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ভাড়াটিয়া সন্ত্রাসীদের আনাগোনা নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

এব্যাপারে রুহুল আমির বেপারীর ছেলে আজিম মিয়া জানান, আমাদের মামলার বিবাদী শাহজাহান,ইসমাইল ও মোক্তার হোসেনের লোকজন মসজিদ ও মাদ্রাসার নাম ব্যবহার করে আমাদের জমি ও সরকারী জমিতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, বিচারাধীন জমিতে জোর পূর্বক সাইনবোর্ড স্থাপনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com