মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে বেড়ীবাঁধের কারণে কয়েক হাজার কৃষি জমির পানি নিষ্কাশন না হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-মাওয়া মহাসড়কের উপজেলার কামারখোলায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা, জশুরগাঁও, কাদুরগাঁও, মুসরীপাড়াসহ কয়েকটি বিলের কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে প্রায় ১০ হাজার একর কৃষি জমিতে মৌসুমী ফসলের আবাদ করতে কৃষকদের বিলম্বনায় পড়তে হয়েছে। জমির পানি দ্রুত নিষ্কাশন ব্যবস্থার দাবীতে মানববন্ধন করেন স্থানীয় কৃষকরা।
এ সময় কৃষক সামসুল হক, হাজী আব্দুর রব, মো. খলিল মৃধা, ফরহাদ বেপারী, মো. শাজাহান বেপারী, বিশু শেখ, শাহ আলম বেপারীসহ অনেকেই বলেন, বেড়ীবাঁধের কারণে তাদের কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারা সময়মত জমিতে কৃষি কাজ করতে পারছেন না। অন্যদিকে এই পানি দ্রুত নিষ্কাশন না হলে তাদের জমি প্রতিত পরে থাকবে। কৃষি জমি নিয়ে তারা হতাশায় আছেন। জমির পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
খবর পেয়ে সরেজমিনে উপজেলা সহকারী কৃষি অফিসার সুমন সরকার এসে পানি নিষ্কাশনের বিষয়ে উপস্থিত কৃষকদের আশ্বাষ দেন। তিনি আরো জানান, কৃষকদের এই সমস্যা সমাধানে উধ্বর্তন কর্মকর্তাদের সাথে অলরেডি আলোচনা চলছে।