শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক ॥ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ২০২০-২১ অর্থবছরের গবেষণা ফেলো নির্বাচিত হলেন বদরুদ্দোজা শ্রাবণ। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক আবূল কালাম মোহাম্মাদ শামসুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলা হয়, ‘আপনার গবেষণা প্রস্তাব-বাংলাদেশের চলচ্চিত্রে প্রাকৃতিক দুর্যোগ উপস্থাপন ও তার স্বরূপ বিশ্লেষণ’ দপ্তর কর্তৃক গৃহীত হয়েছে। আপনাকে ২০২০-২১ অর্থবছরের গবেষণা ফেলো মনোনীত করা হলো।’ এ উপলক্ষে গত ২০ ডিসেম্বর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সেমিনার কক্ষে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক আবুল কালাম মোহাম্মাদ শামসুদ্দিন ও মহাপরিচালক নিজামুল কবির। এ অনুষ্ঠানে তাঁরা গবেষণার আঙ্গিক ও শর্তাবলি নিয়ে আলোচনা করেন এবং দিকনির্দেশনা দেন। বদরুদ্দোজা শ্রাবণ তাঁর গবেষণার বিষয়ে বলেন, ‘বাংলাদেশে চলচ্চিত্রের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনার পথ আরও সুগম করা এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে চলচ্চিত্রের বিষয়বস্তু হিসেবে অন্তর্ভুক্ত করে চলচ্চিত্রকে জীবন ঘনিষ্ঠ করাই এ গবেষণার মুল লক্ষ্য ও উদ্দেশ্য।’ তিনি আরও বলেন, ‘এরকম একটি গবেষণার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত।’