শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম অনলাইন প্রতিবেদক:: ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাম্প্রতিক বিক্ষোভসহ তার সময়ে করা সকল হত্যাকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই।
শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা জানতে আমরা আগ্রহী।’
তিনি বলেন, ‘তার (শেখ হাসিনা) নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যাকাণ্ড হয়েছে, সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেবো।’
অন্তর্বর্তী সরকারের ২৬ বছর বয়সি এই উপদেষ্টা আরও বলেন, ‘আমরা তাকে (শেখ হাসিনা) গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে- এমনটা আমরা দেখতে চাই। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে।’
পরবর্তী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে নাহিদ বলেন, ‘বাংলাদেশের যেকোনো নির্বাচনের আগে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা জানতে চাইলে তিনি বলেছিলেন ‘আমি পরবর্তীতে কী হব তার উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করে।’
ভারত বাংলাদেশের জনগণকে অগ্রাহ্য করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে উল্লেখ্য করে তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতির দিকে নজর দেওয়া দরকার, অন্যথায় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।’
আরেক ছাত্র নেতা আবু বাকের মজুমদার পৃথকভাবে রয়টার্সকে বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং বিচারের সম্মুখীন হোক।’
প্রসঙ্গত, জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা পরবর্তীতে গত ৩০ বছরের মধ্যে ২০ বছর ধরে বাংলাদেশে শাসন করা হাসিনা সরকার পদত্যাগে রুপ নেয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী নিহত হয়।