বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অনলাইন প্রতিবেদক:: বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। যেকোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলেও জানান তিনি।
সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র জানান, কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ নিবিড়ভাবে নজর রাখছে। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যেকোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ।
ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক প্রথমে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্ত পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্পতিক সহিংসতায় ২০০ জনের বেশি প্রাণহানি ঘটেছে, সরকারি হিসাবে যা দেড়শ। স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার এ ঘটনায় ১৪৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তারপর আরও তিনজনের মৃত্যুর কথা জানায়। সরকারি হিসাবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০।